নীলফামারীতে জেলা প্রশাসকের নিকট শহীদ পরিবারের স্মারকলিপি পেশ

নীলফামারীর স্থানীয় শহীদ পরিবারের প্রতিনিধিরা ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নিকট এক স্মারকলিপি পেশ করেছেন। এতে তারা দাবি জানান—ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র সংশোধন করা হোক এবং জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই যোদ্ধাদের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেশের ইতিহাসে বিশেষ মর্যাদাপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শহীদ পরিবারগুলো সরকারি ভাতা, চিকিৎসা সুবিধা ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন
আবেদনে বলা হয়, ঘোষণাপত্র সংশোধন এবং সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে শহীদ পরিবারগুলোর ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে। একই সঙ্গে শহীদ পরিবার ও তাঁদের উত্তরসূরিদের জন্য নিয়মিত ভাতা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং জীবিকার নিশ্চয়তার দাবিও জানানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে—সংশোধন কার্য সম্পন্ন হলে ইতিহাসের যথাযথ নথিভুক্তি হবে এবং যারা জুলাই যুদ্ধে আত্মত্যাগ করেছেন তাদের ত্যাগ দেশবাসীর সামনে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত হবে।
শহীদ পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পেশ করা এই স্মারকলিপিতে সাতজন প্রতিনিধি স্বাক্ষর করেন। স্মারকলিপি-প্রেরকরা জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানোর অনুরোধ জানান।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।
এনএএন টিভি / ওমর ফারুক