ঈদগাঁওতে মাঠজুড়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে ছড়াচ্ছে হাসির ঝিলিক।
জানা যায়, উপজেলার ৩০৪৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকুল থাকায় ফসলে রোগ জীবানু ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ধানের ফলন আশানুরূপ হয়েছে। উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার বিস্তীর্ণ ফসলের মাঠে সবুজ ধান পেঁকে সোনালী রং ধারন করেছে। এই নান্দনিক দৃশ্যে কৃষকের মুখে ফুটে উঠেছে নবান্নের হাসি, উৎসবের আমেজ। আঁটি বেঁধে বাড়িতে তুলতে শুরু করেছেন সোনালী ফসল। কেউ ধান কাটছেন আবার কেউ ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।
আমির হোসন নামের এক কৃষক জানান, দুই কানির মত জমিতে বোরো ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তবে জমির লাগিয়ত, মাড়াই-রোপন, সার-কীটনাশক ও ধান কাটা বাবদ খরচের তুলনায় তেমন লাভ হবে বলে মনে হয়না। তারপরেও বাপ দাদার পেশা হিসেবে ধানচাষ করে যাচ্ছি।
অপর এক চাষী জানান,ধান চাষ এখন আগের মত লাভ নেই। বেকারত্ব দূর করার লক্ষ্যে চাষাবাদ করে যাচ্ছি। বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছি। ধান ঘরে তুলে না নেওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিনা।
উপজেলা কৃষি কর্মকর্তার মতে, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ও ধানে রোগবালাই তুলনা মূলক ভাবে কম থাকায় চলতি মৌসুমে বোরো ধানের আশানুরূপ ফলন হয়েছে।
এনএএন টিভি/ এম আবু হেনা সাগর

One Reply to “ঈদগাঁওতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক”
Comments are closed.