কাশ্মীরের পহেলগামে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই পাকিস্তানভিত্তিক একটি হ্যাকার গ্রুপ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই হামলার পেছনে ‘Pakistan Cyber Force’ নামের একটি গোষ্ঠী জড়িত। তারা দাবি করেছে, ভারতের Military Engineer Services (MES) এবং Manohar Parrikar Institute of Defence Studies and Analyses (MP-IDSA)-এর মতো সংবেদনশীল সংস্থাগুলোর তথ্য তারা হাতিয়ে নিয়েছে।
সাইবার হামলার ফলে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লগইন তথ্যসহ বেশ কিছু গোপন নথি ফাঁস হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে Armoured Vehicles Nigam Limited (AVNL) নামক প্রতিরক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও হ্যাকাররা প্রবেশের চেষ্টা চালিয়েছে। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় ওয়েবসাইটটি আপাতত অফলাইনে নেওয়া হয়েছে।
ভারত সরকার জানিয়েছে, এমন হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিরক্ষা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।
