চট্টগ্রামে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় লোহাগাড়া উপজেলায় আসহাব মিয়া (৬৫) ও
রাউজান উপজেলায় সাহেদ হোসেন বাবু (৩৫) দুইজন নিখোঁজ হয়েছেন।
সোমবার পৃথক সময়ে এ দু’জন নিখোঁজ হয়েছেন।
জানা যায়, লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তায় পানির স্রোতে ভেসে যান আসহাব মিয়া।
এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি। নিখোঁজ আসহাব মিয়া আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার ছেলে।
নিখোঁজ আসহাব মিয়ার সন্ধানে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ইউনুচ।
তিনি বলেন, আসহাব মিয়ার নিঁখোজের খবর শুনেছি।
তাকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। ভারি বর্ষণের কারণে পাহাড়ি ঢলে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ায় একটু বেগ পেতে হচ্ছে।
এদিকে রাউজান উপজেলার উরকিরচরে হালদা নদীর শাখা খালে নিখোঁজ হয়েছেন সাহেদ হোসেন বাবু।
সোমবার সন্ধ্যায় নিজের মৎস্য খামার থেকে নৌকা যোগে ফেরার পথে বাড়ীঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
এ সময় তার সঙ্গে থাকা চারজন সাঁতরে পাড়ে আসতে পারলেও বাবু কূলে আসতে পারেনি।
তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়।
আরও পড়ুন :
