নীলফামারীতে শিক্ষক-কর্মচারীদের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্ত করার দাবিতে নীলফামারীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সদর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
সমাবেশ শেষে র‍্যালি ডিসি অফিস অভিমুখে যাত্রা করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়
স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ছাদের হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
বক্তারা বলেন, “আমাদের এই দাবিগুলো ন্যায়সংগত ও দীর্ঘদিনের প্রাপ্য। দেশের প্রতিটি জেলায় একই দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে, যা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে। সরকারকে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা আরও জানান, শিক্ষক সমাজের এই দাবি শুধু তাদের স্বার্থে নয়, বরং সারাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তারা সরকারের প্রতি অনতিবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
এনএএন টিভি / ওমর ফারুক