পূর্ব শত্রুতার জের ধরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে ফোন করে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কব্জি কর্তনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের উকিল বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে পঙ্গু হাসপাতালে এবং পরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় তার স্বজনরা।
বর্তমানে শফিকুল ইসলাম বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শফিকুল ইসলাম ডাঙ্গা ইউনিয়নের দাম্মাবাড়ি গ্রামের মফেজ আলীর ছেলে।
আহত শফিকুল ইসলামের বড় ভাই রবিউল মিয়া জানান,
আমার ভাই শফিকুল ইসলামের সঙ্গে গতকাল বুধবার ডাঙ্গা ইউনিয়নের
সাবেক মেম্বার কামাল হোসেনের শ্যালক আরিফ মিয়ার সঙ্গে কী নিয়ে জানি একটু কথা কাটাকাটি হয়েছিল।
এটি সমাধান করে দেওয়ার কথা বলে আজ বেলা ১২ টার দিকে কামাল মেম্বার ফোন করে শফিকুলকে জয়নগর গ্রামে যাওয়ার কথা বলে।
সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা আরিফ মিয়াসহ কামাল মেম্বারের একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রুতার জেরে
আমার ভাইকে কুপিয়ে বাম হাতের কব্জি কর্তনসহ এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,
‘আমার শ্যালক আরিফ ঘটনাটি ঘটিয়েছে সত্য। তবে আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। বরং আমি স্থানীয় শামীম নামে এক ব্যক্তিকে দিয়ে শফিকুলকে হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
