মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নুরজাহান বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়র বাড়িতে হচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।

এনএএন টিভি