রংপুরে অবৈধভাবে বসুন্ধরা ব্রান্ডে গমের ভূষি উৎপাদন, সার্ভিল্যান্স অভিযান

অদ্য ০৫.০৬.২০২৪ খ্রিস্টাব্দে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের আদেশের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে প্রাপ্ত অভিযোগ জনাব মোঃ জিয়াউর রহমান মন্ডল, প্রভাষক, চতরা মহিলা ডিগ্রী কলেজ, চতরা, পীরগঞ্জ, রংপুর আলহাজ কুদ্দুস ভিলার নীচতলায় একটি গোডাউনসহ আশেপাশের আরও ২টি গোডাউনে দিনে রাতে চাউলের কুড়া, ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানী নামক বস্তায় প্যাকেটজাত করে তার পিতার প্রতিষ্ঠান মেসার্স তুন-তিশা ট্রেডার্স, চরতাহাট, পীরগঞ্জ, রংপুর এর মাধ্যমে বাজারজাত
করেছে।

অভিযানে উৎপাদনস্থল, সংরক্ষণস্থল এবং বিক্রয়স্থল তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং গত ০৩-০৪ দিন যাবৎ বন্ধ আছে মর্মে আশেপাশের লোকজন এর থেকে জানা যায়। প্রতিষ্ঠানের ব্যাপারে প্রকাশ্যে কোন লোকই কথা বলতে রাজী হয় নাই তবে পরিচয় গোপন রাখার শর্তে দোকানদাররা জানান গত ০১ বছর ধরে জিয়া নকল গমের ভূষি উৎপাদন করে বাজারজাত করে আসছে। তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে জনাব জিয়ার উৎপাদিত ভূষি যে সকল দোকানের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে সেসকল প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করলে তথ্যের সত্যতা পাওয়া যায় এবং তার ডিলারদের নিকট হতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং নিয়মিত মামলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎপাদনস্থল তালাবদ্ধ হলেও কাঁচিগেটের ফাকা দিয়ে আনুমানিক ১০০ বস্তা গমের ভূষি সংরক্ষিত অবস্থায় দেখা যায়।

উক্ত অভিযানটিতে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ মোঃ আহসান হাবিব, পরিদর্শক, (মেট্রোলজি), প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনএএন টিভি