আজ থেকে সারা দেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’

বনানী বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ বছরের পুরোনো বাস কীভাবে সড়কে চলাচল করে। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না।

আজ বুধবার (১৫ মে) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭ অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এসব ক্ষোভ প্রকাশ করেন কাদের। কাদের বলেন, দুর্ঘটনা হলে তো কাউকে কেউ কিছু বলে না। শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কী করছে, সবাই আমাকে বলে।

 

কাদের বলেন, সিদ্ধান্ত নিলাম— নো হেলমেট, নো ফুয়েল। আজকে থেকে কোনোভাবেই হেলমেট ছাড়া কোনও মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

 

কাদের বলেন, ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এগুলো মন্ত্রী নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল ও অটোরিকশা। এক অটোরিকশায় ৭ থেকে ৮ জন থাকে। একটা দুর্ঘটনা হলে অটোরিকশার সকলেই মারা যায়। আর মোটরসাইকেল তো আরেক উপদ্রব।

 

তিনি আরও বলেন, সমতল থেকে পাহাড়ে আজকে সুন্দর সুন্দর রাস্তা, এতো রাস্তা হাওয়ার পরও শৃঙ্খলা আসে না। এ নিয়ে কাদের সংশ্লিষ্টদের টিম ওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন।