কুড়িগ্রামে ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে হটাৎ আগুন লাগার ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে বাসটির বেশিরভাগ সিট পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
প্রতক্ষদর্শী ও বাসের কর্মীরা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ নামে একটি বাসের সিট ইলেক্ট্রিক ঝালাইয়ের মাধ্যমে মেরামতের কাজ করা হয়। কাজ শেষে বাস টার্মিনালের পাশেই সড়কের পাশে রাখেন তারা। এক পর্যায় দুপুরের দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটি থেকে কালো ধোঁয়ার সাথে আগুনের কুন্ডুলী বের হতে থাকে। এ অবস্থায় আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। তবে ততক্ষণে আগুনে বাসটির বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।
আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের লোহার খুটি নষ্ট হয়ে যাওয়ায় ঝালাই (ওয়েলিং) করা হয়েছিল। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়ে থাকতে পারে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে বাসটিতে ঝালাইয়ের এর কাজ করার সময় অসাবধানতায় আগুনের ফুলকি সিটের ফোমের উপর পড়ে ছিল। সেখান থেকেই ধীরে ধীরে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা ঝালাইয়ের কাজের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
