ঢাকার ধামরাইয়ে ঝড়ে ঘরের চাল ধসে পড়ার ঘটনায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (৫ মে) রাত ১১টার দিকে ঝড়বৃষ্টিতে উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় একটি বেসরকারি এগ্রো ফার্মের নিরাপত্তারক্ষীদের শয়নকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার কফিল উদ্দীনের ছেলে আনিসুর রহমান (৫৩) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মৃত মতিউর রহমানের ছেলে শাহারুল আলম (৫২)। এ ঘটনায় আহতরা হলেন- আল মামুন (৩২) ও হামিদ আলী (২২)। তারা সবাই ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকার এসএস এগ্রো লিমিটেডে ফার্মে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।
ধামরাই থানা পুলিশ জানায়, একটি কক্ষে তারা ৬ জন ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে টিনের চালা উড়ে যায় ও চালের সাথে লাগোয়া ইটের দেয়াল ভেঙে পড়লে এটির নিচে পড়ে চারজন আহত হন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
