বিভিন্ন বাজারে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বছরের এই সময়ে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছিল বলে চাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
খুচরা ব্যবসায়ীরা জানান, চাহিদার চেয়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। কৃষকদের কাছ থেকেই বেশি দামে কাঁচা মরিচ কিনতে হচ্ছে। এতে প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আর মরিচচাষিরা বলছেন, এবার খরায় গাছের পাতা কুঁকড়ে যাওয়ায় কাঁচা মরিচের ফলন আশঙ্কাজনকভাবে কমে গেছে। বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করলেও ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তাঁরা।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সরবরাহ কমলে পণ্যের দাম বাড়ে। তবে তা অস্বাভাবিক কি না, সেটা দেখার বিষয়। কাঁচা মরিচের দাম বাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে অতিরিক্ত বেশি দরে বিক্রি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশের মরিচ উৎপাদনের জেলাগুলোর মধ্যে মানিকগঞ্জ অন্যতম। জেলার সাতটি উপজেলার মধ্যে হরিরামপুর, শিবালয় ও ঘিওরে ব্যাপকভাবে মরিচের আবাদ হয়। তবে এবার খরায় মরিচের আবাদ কমেছে। ফলে দাম বেশি হলেও ফলন কম হওয়ায় চাষিরা লাভবান হতে পারছেন না।

Comments are closed.