রাজধানীর কাঁটাবনে পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ বজলু (৩৭) নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাসুদ রানা (৪২) নামে আরো একজন আহত হয়েছেন, তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কাঁটাবন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বজলুকে মৃত ঘোষণা করেন।
নিহত বজলুর ছেলে মোহাম্মদ সালমান বলেন, ‘আমরা জানতে পারি যে আমার বাবা পিকআপভ্যানে ছিলেন। রাত আড়াইটার দিকে কাঁটাবন চৌরাস্তার মোড়ে পিকআপভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া হলেও বর্তমানে তারা পুবাইলের মিরাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনায় ওই পিকআপভ্যানের চালক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
