রাজধানীর বিভিন্ন সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে আগারগাঁও, মিরপুর, মহাখালীসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এরফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারন মানুষেরা। এর আগে বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

 

মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ সকাল দশটার দিকে গুলশান ট্রাফিক বিভাগ থেকে বলা হয়, এই মুহূর্তে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে, আমতলীতে, মহাখালী রেল ক্রসিংয়ে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সব রাস্তা বন্ধ করে অবস্থান করছেন। যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।