কুষ্টিয়ার দৌলতপুরে যুবককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে জনি (৩০) নামে এক যুবককে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান ও আমিরুল ইসলাম সুমনের লেবার হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি। মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী সোহান ও সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়।

এসময় হামলকারীরা জনিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন জনি ইসলামকে পায়ের রগ কেটে হত্যা করে। জনি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে আমাদের টিম কাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card