লামায় ফাঁসিয়াখালীর গুলিস্তান দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে দোকানের ভেতরে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে (৫৬) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।পুলিশ সূত্রে জানা যায়,সোমবার ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার এলাকায় রাত্রীকালীন মোবাইল নাইট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইত্যাদি স্টোরের ভেতরে একজন ব্যক্তি গাঁজা বিক্রি করছেন।খবর পেয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দেকে দোকানের ভেতর থেকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করা হলে তার দেখিয়ে দেওয়া মতে দোকানের ড্রয়ার থেকে দুটি কাগজের পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় ৩ গ্রাম করে মোট ৬ গ্রাম গাঁজা পাওয়া যায়।রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে জব্দতালিকা প্রস্তুত করে গাঁজাগুলো জব্দ করা হয়।

এ সময় জব্দতালিকায় সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যও এতে স্বাক্ষর করেন।জিজ্ঞাসাবাদে সুনীল কান্তি দে গাঁজাগুলো চকরিয়া থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে নিজের দোকান ইত্যাদি স্টোরে রেখেছিলেন বলে স্বীকার করেন বলে পুলিশ জানায়।পরে মামলাটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সুনীল কান্তি দেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।সুনীল কান্তি দে লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার হিন্দুপাড়ার বাসিন্দা। তিনি মৃত চন্দ্র মোহন দে ও মৃত সবিতা বালা দে-এর ছেলে বলে জানা গেছে।

 

এনএএন টিভি