স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা আগামী ২১ সেপ্টেম্বর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা সংশ্লিষ্ট চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনের উপনির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা হওয়ার কথা ছিল ১৬ সেপ্টেম্বর। অনিবার্য কারণে ওই সভা স্থগিত করা হয়েছে। স্থগিত সভাটি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৈঠকে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ, নিরাপত্তা পরিকল্পনা ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‍্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হবে। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে চলতি সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি ভোট শুরু করার পরিকল্পনা করছে ইসি। প্রাথমিকভাবে সাত ধাপে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বরের মাঝামাঝি থেকে ভোট শুরু হতে পারে।

 

 

 

এনএএন টিভি