অতিরিক্ত পরোটা শরীরের জন্য কতটুকু অস্বাস্থ্যকর?

পরোটার লোভনীয় স্বাদের জাদুতে মজে থাকে ৮ থেকে ৮০। তাই তো আম জনতার ব্রেকফাস্ট থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিসের টিফিনে অনায়াসে স্থান পায় পরোটা।

আর সাধারণ জনগণের এহেন পরোটা প্রীতি দেখেই কিন্তু বিশেষজ্ঞদের একাংশের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। তাঁদের কথায়, পরোটার মতো তেল চপচপে ভাজা খাবার যতটা কম খাওয়া যায় ততই মঙ্গল। নইলে এই খাবারের হাত ধরে শরীরে প্রবেশ করতে পারে একাধিক জটিল অসুখ। তাই সময় থাকতে থাকতে এই খাবার খাওয়ার লোভ সামলে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। নচেৎ যে যে রোগের ফাঁদে পড়বেন তার লিস্ট কিন্তু বেজায় লম্বা।

১. বাড়বে ওজন​

নিয়মিত তেল চপচপে পরোটা গলাধঃকরণ করলে শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট প্রবেশ করে। আর এইসব ক্ষতিকর ফ্যাট কিন্তু দেহে মেদের বহর বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই নিয়মিত পরোটা খেলে যে ওজনের কাঁটা ঊর্ধ্বমুখী হবে, তা তো বলাই বাহুল্য। সুতরাং ওজনকে স্বাভাবিকের গণ্ডিতে বেঁধে রাখার ইচ্ছে থাকলে পরোটা খাওয়ার ইচ্ছে ত্যাগ করতেই হবে। বরং তার বদলে আটার রুটি খেতে পারেন। এতেই দেখবেন মেদের বহর কমতে সময় লাগবে না।

২. বিপদসীমা ছাড়াবে কোলেস্টেরল

আমাদের রক্তে উপস্থিত মোম জাতীয় একটি উপাদান হল কোলেস্টেরল। মুশকিল হল, রক্তে এই উপাদানের মাত্রা বাড়লে তা রক্তবাহী নালীর অন্দরে জমতে পারে। আর তার ফলস্বরূপ হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ একাধিক অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই চিকিৎসকেরা সকলকেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়ে থাকেন। তবে খারাপ খবর হল, নিয়মিত পরোটা খেলে কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরল বাড়বে বই কমবে না। কারণ পরোটা তৈরির জন্য ব্যবহৃত তেল কোলেস্টেরল বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই হাইপারলিপিডিমিয়ায় ভুক্তোভোগীরা পরোটার থেকে দূরত্ব তৈরি করুন। এমনকী যাঁদের পরিবারে হাই কোলেস্টরল এবং হার্টের রোগের ইতিহাস রয়েছে, তাঁরা বুঝেশুনে পরোটা খান।

৩. সুগার বাড়তে সময় লাগবে না​

​ডায়াবিটিস রোগীদের যেন তেন প্রকারেণ পরোটা খাওয়ার লোভ সামলাতে হবে। নইলে কোনওভাবেই সুগার নিয়ন্ত্রণে থাকবে না। এর পিছনে মূলত দুটি কারণ দায়ী। প্রথমত, পরোটা তৈরির জন্য ব্যবহৃত ময়দা ডায়াবিটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। দ্বিতীয়ত, পরোটা তেলে ভাজা হওয়ায় তার ক্যালোরি ভ্যালু খুবই বেশি। আর হাই ক্যালোরি যে কোনও খাবারই ডায়াবিটিস রোগীদের জন্য ক্ষতিকর। তাই সুস্থ থাকার ইচ্ছে থাকলে সুগার রোগীরা তেলেভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন। তবে যাঁরা এই রোগের শিকার নন, তাঁরাও সমলে চলুন। কারণ ময়দা কিন্তু সুস্থ মানুষের শরীরের জন্য়ও ভালো নয়।

​৪. গ্যাস, অ্যাসিডিটির ফাঁদ​

নিয়মিত পেটের সমস্যায় ভুক্তভোগীদের কিন্তু পরোটার থেকে যত দ্রুত সম্ভব দূরত্ব তৈরি করে নিন। নইলে গ্যাস, অ্যাসিডিটির মতো উটকো সমস্যার ফাঁদে পড়তে সময় লাগবে না।

এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানালেন, পরোটা হল একটি গুরুপাক খাবার। তাই সহজে এই খাবার হজম হতে চায় না। ফলস্বরূপ পিছু নেয় গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা। তাই পেটের হাল ফেরাতে পরোটার লোভ সামলান।

৫. কোষ্ঠকাঠিন্যের ভ্রুকুটি​

পরোটা তৈরির জন্য ময়দা ব্যবহার করা হয়। আর ময়দায় একবারেই ফাইবার থাকে না। যেই কারণে পরোটা খেলে কোষ্ঠকাঠিন্যের ফাঁদে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এই বিদঘুটে সমস্যার হাত থেকে রক্ষা পেতে চাইলে আজ থেকেই পরোটার প্রতি ভালোবাসা কমান। এতেই আপনার স্বাস্থ্যের হাল ফিরবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card