নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা এলাকায় এ অভিযান চালানো হয়। সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

পুলিশ জানায়, ধনকুণ্ডা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামাতে নির্দেশ দিলে দুজন আরোহী লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের নাম আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং সজীব (২৩)। তারা নারায়ণগঞ্জ শহরের খানপুর ও গোপাল এলাকার বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত।

ওসি শাহিনুর আলম জানান, আটক যুবকেরা পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

এনএএন টিভি

Share this news as a Photo Card