চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪৫ শতাংশ

চবির  ( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এতে ৪৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

এ ইউনিটে পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী।

মোট পরীক্ষা দিয়েছিল ৫৯ হাজার ৫০২ জন।এ ইউনিট ভর্তি কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ’ ইউনিটের ফলাফল সম্পন্ন হয়েছে। আজ আমরা আইসিটি সেলকে ফলাফল হস্তান্তর করবো।

ওনারা সব প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফল প্রকাশ করবেন। এক্ষেত্রে একটু সময় লাগবে।

ওনারা যাচাই-বাছাই করবে এই ফলাফল। পরীক্ষায় ৫৯ হাজার ৫০২ পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৯০৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৫.২২ শতাংশ।

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি ছিল আবশ্যিক।

সঙ্গে গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞানের মধ্যে যেকোন তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে।

নৈর্ব্যক্তিক পরীক্ষায় ছিল মোট ১০০ নম্বর। জিপিএর ওপর ছিল আরও ২০ নম্বর। সব মিলিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে ১২০ নম্বরের ওপর।

এদিকে ভর্তি পরীক্ষার প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় শূন্য দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না।

তাছাড়া, দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card