জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমতাবস্থায়, বর্ণিত অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর দশ হাজার শিক্ষার্থীর দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সমাবর্তন আয়োজনের ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম।

উপাচার্য নিযুক্ত হওয়ার পরপরই সিন্ডিকেট আহ্বান করে ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেই। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছিল। তিনি আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবর্তন আয়োজনের সম্মতি দিয়েছেন।’

এর আগে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে সমাবর্তনের ফি নির্ধারণ করা হয়। এবার স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে দুই হাজার ৫০০ টাকা ও একসাথে চার হাজার টাকা, এমফিল ডিগ্রির জন্য পাঁচ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য সাত হাজার টাকা এবং উইকেন্ড/ইভনিং প্রোগ্রামের জন্য আট হাজার টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

তবে ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে প্রথমবারের মতো অংশগ্রহণের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

গতকাল রবিবার এক লিখিত বিবৃতিতে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেআইনি উইকেন্ড কোর্সের ব্যবসা বন্ধ করার কথা জানান।

প্রতিষ্ঠার ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে অংশ নেওয়া ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী মূল সনদপত্র হাতে পান।

Share this news as a Photo Card