ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবি ও সৃষ্ট ঝড়ে গাছ পড়ে পাঁচ জেলায় প্রায় ১১ জন নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতের মধ্যে কুমিল্লায় তিনজন, সিরাজগঞ্জে দুজন, ভোলায় চারজন ও নড়াইল, বরগুনা একজন নিহত হয়েছেন।
কুমিল্লা : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেশাখাল এলাকায় গাছ উপড়ে পড়ে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তার।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর ক্যানেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাডুবিতে মা-ছেলে নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে ওই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও ছেলে আরাফাত হোসেন (২)।
ভোলা : ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সদর, লালমোহন, চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাতে তিনজন ও মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামের মো. মফিজুল ইসলাম (৬০), চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. মনির হোসেন (৩০), লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাবেয়া বেগম (২৫) ও দৌলতখান পৌর ৭ নম্বর ওয়ার্ডের খাতিজা বেগম (৬০)।
নড়াইল : ঘূর্ণিঝড়ে নড়াইলে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম (৩২) নামে এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
বরগুনা : বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে বসতঘরে গাছ উপড়ে পড়ে এক বৃদ্ধা (১১৫) নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সোনাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমেনা খাতুন (১১৫)।
