ডিফেন্ডার মাছুরাকে সাতক্ষীরায় প্রশাসনের বর্ণিল সংবর্ধনা

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীনকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে মাছুরাকে ১ লক্ষ ও জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়। একই সঙ্গে তাদের পারিবারিকভাবে সবসময় সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এ সময় মাছুরার বাবা মো. রজব আলী ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

রোববার (২ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির সভায় সভাপতিত্ব করেন।

পরে জেলা পুলিশের আয়োজনে মাছুরা পারভীনকে সংবর্ধনা দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি,অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (সার্বিক) অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ অক্টোবর সাফজয়ী বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুনকে প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয় এবং আগামীতে সাবিনা ও মাছুরাকে নাগরিক সংবর্ধনা দেয়ার কথা জানানো হয়।