নারায়ণগঞ্জে নিবন্ধন ছাড়া মাংস বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া মাংস বিক্রির অপরাধে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে উপজেলার ভুলতা এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ আরও অনেকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোন প্রকার নিয়ম নীতি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। আজকে আপাতত ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া মাংস বিক্রির অপরাধে ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

এনএএন টিভি