নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজ ও সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে ও তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতে ছেলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর অভিযুক্ত সবুজ ওরফে কালাই সবুজের যাবজ্জীবন সাজা হয়। সে দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে নিয়ে জিম্মি করে পরিবার থেকে মুক্তিপণ নেওয়াসহ বিভিন্ন খুন এবং সন্ত্রাসী কার্যক্রম চলিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বিগত চার মাসের অক্লান্ত পরিশ্রমে রূপগঞ্জের সন্ত্রাসী সবুজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সবুজ ওরফে কালাই সবুজের নামে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

এনএএন টিভি