বান্দরবানে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে ঘুমধুম কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি পাওয়া যায়।
নিহত যুবকের নাম নুরুল আবছার (১৮)।তিনি কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিকশা চালক ছিলেন।পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে নুরুল আবছার অটো নিয়ে ক্যাম্প থেকে বের হওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রোববার সকালে পরিবারের সদস্যরা স্থানীয় রাবার বাগানে গিয়ে গলাকাটা লাশ দেখতে পান। এ সময় নিহতের অটোরিকশা ও মোবাইল ফোন কোথাও পাওয়া যায়নি। নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলে’কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর অটোরিকশা ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলমান।

 

মো. ইসমাইলুল করিম / এনএএন টিভি

Share this news as a Photo Card