ফজরের নামাজ পড়ে প্রাতঃভ্রমণে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রী ঝরনা বেগমের বয়স ৪৮ বছর।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।
