শুকনো পুকুরে মাটিচাপা: ২ বছর পর মিলল মা-ছেলের কঙ্কাল

দুই বছর পূর্বে সম্পত্তি ভাগাভাগির জেরে মা ও তার ৯ বছরের শিশুকে শুকনো পুকুরে মাটিচাপা দেওয়া হয়েছিল। রোববার (২৪ মে) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির একটি পুকুর থেকে এই জোড়া কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিহতরা হলেন উপজেলার জয়াগ গ্রামের আবুল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী কমলা বেগম (৩২) ও তার ৯ বছরের শিশুপুত্র মো. নোমান।

সিআইডি জানায়, দুই বছর আগে কমলা বেগম ও তার সন্তান নোমান নিখোঁজ হয়েছিল। সম্পত্তি লিখে নেওয়া এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। কমলা বেগমের দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপু এতে জড়িত। দীর্ঘ তদন্তের পর রাজু, সাগর ও টিপুকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।

নোয়াখালী সিআইডির ইনচার্জ ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো.রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।