সীমান্ত দিয়ে ভারতে তরুণীসহ পাঁচজনের অনুপ্রবেশের চেষ্টা

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক তরুণীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৫ মে) উপজেলার হারিয়াকোনা গ্রামের সীমান্তের ১০৯৫ পিলারের পাশে এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৬ মে) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-

শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বকুলিকান্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬),

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে ফরহাদুল ইসলাম (২৩),

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওকন্দীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২২),

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে জয় (৩০) ও

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে খাদিজা বেগম (২২)।

এছাড়া গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে থাকা ৩ জন কৌশলে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ব্যক্তিরা হচ্ছেন- শ্রীবরদী উপজেলার মেঘাদল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৪),

বাবেলাকোনা গ্রামের রবিউল ইসলামের ছেলে দিলু মিয়া (২৫) ও

চান্দাপাড়া গ্রামের আজহার ঘোপার ছেলে জিনু মিয়া (২৫)। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে,

সোমবার ভোরে এক তরুণীসহ ৮ জন যুবক শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে যায়।

ওই সময় সীমান্তের ১০৯৫ পিলারের পাশে সন্দেহাতীতভাবে তাদের ঘুরাফেরা করতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে বিজিবি।

পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ঠিকানা হওয়ায় তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা জানান,

‘রফিকুল ইসলামসহ স্থানীয়দের সঙ্গে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তাদের মাধ্যমে এখানে তারা ঘুরতে এসেছিল।

তবে আরেকটি সূত্র জানায়, তারা এ পথ দিয়ে চোরাইভাবে ভারতের একটি গার্মেন্টসে যাওয়ার জন্য এসেছিল।’

৫ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন বলেন,

‘আমরা সংবাদ পেয়েছি তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। এজন্য আমরা তাদেরকে গ্রেফতার করেছি। তবে আরও ৩ জন তাদের সঙ্গে ছিল। তারা কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card