ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সপ্তমবারের মতো নিয়োগ পেলেন তাকসিম এ খান। আগামী ৩ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,
পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির
মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।
প্রসঙ্গত, ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান তাকসিম এ খান। পরে পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়।
আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ নিয়ে সপ্তমবারের মতো তাকে একই পদে নিয়োগ দেওয়া হলো।
১৯৯৬ সালের ‘ওয়াসা অ্যাক্ট’ অনুযায়ী পরিচালিত হয় ঢাকা ওয়াসা। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এমডি।
ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার।
কিন্তু এক ব্যক্তি একই পদে সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, সে ব্যাপারে আইনে কিছু বলা নেই।
ফলে ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে।
এর আগে আরও পাঁচ দফা নিয়োগ পেলেও প্রতিবারই নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এ বছর সপ্তমবারের মতো নিয়োগ পেলেন।
