ইজতেমার কারণে মেট্রো রেলে যাত্রীর চাপ বাড়ছে

টঙ্গীতে অনুষ্ঠিত ইজতেমার কারণে মেট্রো রেলে যাত্রীর চাপ বাড়ছে। গতকাল শনিবার অন্যান্য দিনের তুলনায় মেট্রোতে ভিড় বেশি ছিল। ইজতেমার কারণে আজ রবিবার ট্রেন চালানোর সময় বাড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ। চার ঘণ্টার পরিবর্তে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা ট্রেন চালানো হবে।

সরেজমিনে আগারগাঁও স্টেশনে দেখা যায়, মেট্রো রেল চালুর সময় সকাল ৮টার আগেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করেছেন। ইজতেমায় যাওয়ার যাত্রীই ট্রেনে বেশি ছিল। প্ল্যাটফরমে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে টিকিট কাটছিলেন। অনেকে প্রথমবারের মতো মেট্রো রেলে চড়তে এসেছেন।

মহানগরী ঢাকার যাত্রীদের মধ্যে অভ্যস্ততাও বেড়েছে মেট্রো রেলে চলাচলে। ফলে স্টেশনে ঢুকতে কিংবা বের হতে সময় লাগছে না যাত্রীদের। যারা এখনো অভ্যস্ত নয় তাদের মেট্রো রেলকর্মীরা সাহায্য করছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রো রেলে আজ ৯ ঘণ্টা যাত্রী পরিবহন করা হবে। সেই সঙ্গে যাত্রীদের চলাচলের সুবিধার্থে আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।