অবৈধ সম্পদ, সিটি করপোরেশনের কাজে অনিয়ম, দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগের ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার পর ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে উপস্থিত হন তিনি।
দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করছেন।
ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৬ মে জাহাঙ্গীরকে নোটিশ দেয় দুর্নীতিবিরোধী সংস্থাটি।
আলাদা নোটিশে তাকে ২১ ও ২২ মে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আলী আকবর।
আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমের বিষয়ে অনুসন্ধান করছে।
গত ১৮ মে দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে কোনো জবাব না পেয়ে ২১ মে দুদকে উপস্থিত হয়ে সময় চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে আসেন তিনি।
পরে চলতি মাসের ৬ ও ৭ তারিখ দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
আরও পড়ুন:

Comments are closed.