কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু; আহত ১

কুষ্টিয়ায় বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামে দুই কুষকের মৃত্যু হয়েছে। এ সময় রেজাউল (৫০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জহুর আলী কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে। এছাড়া ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে।

বজ্রপাতের সময় একই গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হয়েছেন।

তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউএনও সাধন কুমার বিশ্বাস বলেন,

‘হতাহতরা সবাই কৃষিকাজ করেন। শনিবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ সময় খুব জোরে বজ্রপাতও হয়।  হঠাৎ করে এই বজ্রপাতে জহুর ও ছলিম ঘটনাস্থলেই মারা যান।’

‘এ সময় আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানা, আহত রেজাউল এখন শঙ্কামুক্ত।

আরও পড়ুন:

এনএএন টিভি