হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন রাষ্ট্রপতি

হজের আনুষ্ঠানিকতা শেষে এখন মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে মদিনায় পৌঁছান তিনি

এর আগে, গত ২৪ জুন রাষ্ট্রপ্রধান তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের

অন্যান্য সদস্যদের সঙ্গে রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন। এরপর ২৬ জুন রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় এবং ২৭ জুন আরাফাতের ময়দানে যান।

রাষ্ট্রপতি অন্যান্য হাজিদের ন্যায় পবিত্র হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে সারাদিন কাটান। এরপর সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাত ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

রীতি অনুযায়ী সকল হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে ১০ জিলহজ আবার মিনায় ফিরে যান।

রাষ্ট্রপতি সেখানে জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং মক্কায় তাওয়াফ আল-ইফাদাহ ও সাঈ সম্পন্ন করেন।

হজের আনুষ্ঠানিক রীতিতে শয়তানকে পাথর মারার মধ্যে রয়েছে তিনটি স্তম্ভ যা শয়তান এবং পাপের প্রতীকস্বরূপ।

ঈদের প্রথম দিনে রাষ্ট্রপতি বড় শয়তানকে ছোট নুড়ি বা পাথর নিক্ষেপ করেন, যা তিনি মুজদালিফা থেকে রাতে সংগ্রহ করেছিলেন।

রাষ্ট্রপতি আবার মিনা থেকে মক্কার রয়েল প্যালেস যান। শুক্রবার মক্কায় তিনি বিদায়ী তাওয়াফ করেন। সেখান থেকে মদিনায় যান।

রাষ্ট্রপতি মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

সেখান থেকে ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আগামী ৩ জুলাই ঢাকায় অবতরণ করবে।

আরও পড়ুন :