গোমস্তাপুরে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহনপুর এবি স্কুল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজ্ঞান বিতর্ক উৎসব উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জয়নব খাতুন। বিএনএফ সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন দৈনিক সমকালের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একেএস রোকন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম,আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আসাদুল্লাহ আহমদ। পরে প্রধান অতিথি ইউএনও আসমা খাতুন বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন।