গ্যাসের মূল্য আরেক দফা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়ে এতে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ এই আশংকা প্রকাশ করেন।
বিবৃতিদাতার হলেন, জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশফো মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী শাসকেরা একবার দেশ গ্যাসের ওপর ভাসছে বলে গ্যাস পাচার করতে চেয়েছিল।
স্থলভাগ ও সাগরের গ্যাস অনুসন্ধান-উত্তোলনে কার্যকর উদ্যোগ না নিয়ে এলএনজি আমদানীর সিদ্ধান্ত নেয়। এখন আবার আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেশি থাকার অজুহাতে গ্যাসের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বৃদ্ধি করছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মহা ধুমধাম করে সাগর জয়ের কৃতিত্ব জাহির করলেও সাগরের গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগই নেয়নি। অথচ আমাদের সীমান্তে মায়ানমার এবং ভারত একই গ্যাস প্লেটে তাদের গ্যাস উত্তোলন করছে। যাতে করে আমাদের অংশের গ্যাস তারা টেনে নিয়ে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছে। কিন্তু সরকারের এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই।
বাম জোট নেতৃবৃন্দ বলেন, গত ৭ দিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে, এবারে গ্যাসের দাম বাড়াল, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে ফলে আবার বিদ্যুতের দাম বাড়াবে। এভাবে চক্রবৃদ্ধিহারে জ্বালানির দাম বাড়িয়ে সরকার সকল পণ্যের দাম বৃদ্ধি করে জনগণের বেঁচে থাকাকেই দায় করে তুলছে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যারের জোর দাবি জানান।
