কুমিল্লার বুড়িচংয়ে আলোচিত কলেজছাত্র তুহিন হত্যা মামলার আসামি শফিউর আলম মানিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার শিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মানিক (৪২) বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল্লাহ।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) শফিউর আলম মানিককে কুমিল্লার আমলী আদালত-২ এ হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মোল্লার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি তুহিনকে অপহরণ ও নির্যাতনের বিস্তারিত বিবরণ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা জানান, জবানবন্দিতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। পাশাপাশি তুহিন হত্যার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইতালি প্রবাসী সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা।
অপহরণের পর তুহিনকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত তুহিনের মা ফেরদৌসী আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, তার ছেলে নাফিজ উদ্দিন, জহির, আবদুল আলিমসহ সাত-আটজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তুহিনের মৃত্যুর পর বুড়িচংয়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

One Reply to “গ্রেফতার হয়েছে কলেজছাত্র তুহিন হত্যা মামলার আসামি”
Comments are closed.