কুমিল্লার তিতাসে সাত বছরের শিশু সায়মনকে পুড়িয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং শিশুর চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ১৬ আগস্ট সায়মন বাড়ির পাশের বাজার থেকে কোমলপানীয় কিনে ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং ১৯ আগস্ট সকালে একটি ঝোপ থেকে তার পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে উঠে আসে, শিশুটির চাচি শেফালী বেগম ও বিল্লাল পাঠানের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল, যা দেখে ফেলায় শিশুটিকে হত্যা করে লাশ গুম করা হয়।
আদালত এ মামলায় আসামি বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড এবং শেফালী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে এক লাখ টাকা জরিমানা ও লাশ গুমের অভিযোগে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিশু সায়মনের মা খোরশেদা আক্তার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “আমি সন্তুষ্ট। এখন চাই দ্রুত এই রায় বাস্তবায়ন হোক।”
