চাটমোহরে ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা যুবকের মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা আব্দুল করিম (৩৫) নামের এক ব্যক্তি বালু সরবরাহকারী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ভাই লিখন হোসেন (৩০) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল করিম ও লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘সম্প্রতি ইট ও বালি পরিবহনের জন্য একটি ট্রলি কেনেন আব্দুল করিম। দুই ভাই ট্রলিতে করে বিভিন্ন জায়গায় ইট ও বালি সরবরাহ করতেন।’

‘শুক্রবার সকালে দুই ভাই চাটমোহরের প্রভাকরপাড়া এলাকায় বালু সরবরাহ করতে আসেন।’

‘ফেরার পথে প্রভাকরপাড়ার রেল ক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি এক্সপ্রেস তাদের ট্রলিকে ধাক্কা মারে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে দুই ভাই আহত হন।’

‘স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল করিম।’

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা বলেন,

‘অনেক চেষ্টার পরেও দুর্ঘটনার শিকার আব্দুল করিমকে বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য লিখনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

চাটমোহর রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুম আলী খান বলেন,

‘প্রভাকরপাড়া রেল ক্রসিংয়ে কোনও গেটম্যান নেই। অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি