চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা সারে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩৮) ও কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে আমিনুল ইসলাম (৩১)।
বিজিবি জানায়, মাদকদ্রব্যের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ঝিনাইদহের দিকে যাবে বলে গোপন তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের জাফরপুর বাজারে অবস্থান নেয়। এসময় দুই মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করলে বিজিবিও তাদেরকে ধাওয়া করে বদরগঞ্জ নয়মাইল বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।
পরে তাদেরকে তল্লাশী করে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল এবং ১ হাজার ৪৫ নগদ টাকা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট মূল্য ১ লাখ ৭৪ হাজার ৩৯৫ টাকা। এ ব্যাপারে নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করেছেন।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
