চুয়াডাঙ্গার ৩৫৪ ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দু‌টি আস‌নের ৪ টি উপ‌জেলা থে‌কে ৩৫৪ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরের পর থে‌কে জীবননগর, দামুড়হুদা, সদর ও আলমডাঙ্গা এই চার উপজেলা প‌রিষদ চত্তর থে‌কে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স সহ অন্যান্য মালামাল সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা দেন প্রিসাই‌টিং অ‌ফিসাররা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম দায়িত্বশীলদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
 ভোটের দিন আগামী কাল ভোর থেকেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা জানান, চুয়াডাঙ্গার দু’টি আসনে সুষ্ঠু সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা
যেন নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে কারও মধ্যে কোনো ধরনের শঙ্কা তৈরি না হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কবস্থায় আছে।

 ইতোমধ্যে আচরণবিধি প্রতিপালনের জন্য ১০ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ভোটের দিন আরও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুক্ত হবেন।

 আমরা সবাইকে আশ্বস্ত করছি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের শেষ পর্বে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
 ভোটের পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের সঙ্গে কর্মী-সমর্থকদের সহযোগিতা কামনা করেছেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় দু’টি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৩৫৪টি।
যার মধ্যে ২০৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৪৯টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন।
 নির্বাচনী এলাকা ৭৯, (তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন ব্যতীত
 চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা) চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন।
 এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন।
 মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি। নির্বাচনী এলাকা ৮০, (দামুড়হুদা উপজেলা,
 জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর,
নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন) চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন।
 এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।

Share this news as a Photo Card