টাঙ্গাইলের নিয়ােগ পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় বিদ্যালয়ের নিয়ােগ পরীক্ষাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত ওই যুবক জনি মিয়া (২৩) উপজেলার হেরেন্দ্র পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৫ দিন পূর্বে স্থানীয় লাউহাটি এম আজহার মেমােরিয়াল উচ্চ বিদ্যালয়ের নিয়ােগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে লাউহাটি এবং হেরেন্দ্র পাড়া এলাকার দুইজন প্রার্থী নিয়ােগ পরীক্ষায় অংশ নেন। ওই দিনই পরীক্ষার ফলাফল ঘােষণা করা হয়।

হেরেন্দ্র পাড়া এলাকার পরীক্ষার্থীর চাকরি হয়েছে বলে ঘোষণা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় অন্য প্রার্থী অনৈতিকভাবে নিয়ােগ দেওয়া হয়েছে মর্মে অভিযােগ করেন।

এ ঘটনায় দুই এলাকার লােকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর ৩ দিন পর পুনরায় একই বিষয় নিয়ে ঐ দুই এলাকার লােকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫-৬ জন আহত হন। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

পরে সােমবার বিকেলে লাউহাটি সিএনজি স্ট্যান্ড এলাকায় হেরেন্দ্র পাড়ার যুবক জনি মিয়া অবস্থান করছিল।

এক পর্যায়ে লাউহাটি এলাকার হামিদ মিয়ার ছেলে সুইপ ও একই এলাকার প্রান্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে পেছন থেকে এলােপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘােষণা করেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।’

আরও পড়ুন :

 

এনএএন টিভি