নানাকে দেখেই দৌড় দিতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে পাথর বোঝাই ট্রাক চাপায় আরাফাত নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি নানাবাড়ি যাওয়ার পথে নানাকে দেখে ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের হরিনাগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরাফাত শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা এলাকার নাইম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,

‘শিশুটি ইজিবাইকে করে মায়ের সঙ্গে হরিনগর নানাবাড়ি যাচ্ছিল। বাড়ির কাছাকাছি আসার পর নানাকে দেখে ইজিবাইক থেকে দৌড় দেয় শিশুটি।’

‘এমন সময় সোনা মসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।’

‘স্থানীয়রা ট্রাকটি জব্দ করে থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।’

এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহম্মেদ জানান,

‘দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি