টাঙ্গাইলে আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই কিশোরী মা হলেন!

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনি’র বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই কিশোরী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে টাঙ্গাইল শহরের ব্যুরো হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই কিশোরী ছেলে সন্তানের জন্ম দেন।

ওই হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. মালেকা সফি তার সিজারিয়ান অপারেশন করেন।

ব্যুরো হাসপাতালের সমন্বয়কারী হারুন অর রশিদ বলেন,

‘তিনদিন আগে ওই কিশোরী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলে সন্তানের জন্ম দেন।’

গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মিনি বাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

এদিকে, কিশোরীর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা বড় মনি’র উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হন।

এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

ওইদিন রাতে বড় মনি অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তখন থেকে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালেই আছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদি হয়ে গোলাম কিবরিয়া বড় মনির নামে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয় এবং গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও তাতে অভিযুক্ত করা হয়।

মামলার পরে ওই কিশোরী ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

এদিকে, অন্তঃসত্ত্বার প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড।

এনএএন টিভি