ট্রেন দেখতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌসি (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে দোহাজারী-কক্সবাজার রেল সড়কের চকরিয়ার খুটাখালী নলবনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌসি খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া ৩ নম্বর ওয়ার্ড দূর্বারমাট এলাকার মো. শহীদুল্লাহর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল আওয়াল বলেন, সেহেরি খেয়ে মায়ের সাথে নামাজ পড়ে ফেরদৌসি। পরে মা ঘুমিয়ে পড়লে সে ঘর থেকে বের হয়ে রেল দেখতে খুটাখালী নলবনিয়া এলাকায় যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কক্সবাজার রেলওয়ে থানার এসআই জাফর আলম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদরহাসপাতালে প্রেরণ করেন।

 

এনএএন টিভি