ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে।
স্বাধীন উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে। তিনি নান্দাইল মধ্য বাজারে ইলেকট্রনিক দোকানে ব্যবসা করতেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকালে স্বাধীন মিয়া তার দোকানটি পরিষ্কার করছিলেন। দোকানের বাইরে থাকা বৈদ্যুতিক তার অসাবধানতার সঙ্গে সরিয়ে রাখতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
