নওগাঁর সদর উপজেলায় ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় খড়বাহী ট্রাক উল্টে চালক সুমন (৩৩) সহ তার হেলপার ও পিকআপের ধাক্কায় আবুল কাশেম (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে সুমন মিয়া ও তার হেলপারের মৃত্যু হয় এবং সকাল ৯টার দিকে আবুল কাশেমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। চালক সুমন মিয়ার পরিচয় সনাক্ত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলপারের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত সুমন মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার পশ্চিম কামারনাই গ্রামের শামসুল হকের ছেলে ও অন্যদিকে জেলা সদর এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনায় প্রাণ হারানো আবুল কাশেম সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার রাণীপুকুর খামারবাড়ি এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী খড়বাহী একটি ট্রাক আসে। সে ট্রাকটি উচ্চ গতিতে থাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ধারের একটি গর্তে পরে যায়। সেখানে ওই ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই চালক সুমন মিয়া ও তার সহকারির মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা থানায় সংবাদ দিলে ঘটনাস্থল পরিদর্শন শেষে থানা পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে সকাল ৯ টার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় নওগাঁ শহরের দিকে আসা একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা গেলেও অন্যজনের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।#
এনএএন টিভি / মোঃ ওয়াশিম রাজু
