নাটোরে বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামের এক গৃহবধুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দিনগত রাতের কোনো (ভোর ৪-৫ টার মধ্যে) একসময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত গৃহবধু সুফিয়া বগম ওই এলাকার আসমত আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলোহের জেরে ওই রাতে স্বামী আসমত তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে এবং ওই দম্পতির ৮ বছরের শিশু আসমানীকে নিয়ে সে পালিয়ে যায়। পরে সকালের দিকে স্বামী আসমত আলী নিজেই তার ভাতিজা আনোয়ারকে মুঠোফোনে বলেন তার বাড়িতে কি হয়েছে গিয়ে খোঁজ নিতে। ভাতিজা আনোয়ার ওই বাড়িতে এসে ঘরের মেঝেতে ওই গৃহবধুর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
