মাদারীপুরের শিবচরে ঝর্ণা (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
শুক্রবার (০৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামে একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর বাড়ি ওই এলাকার মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইল জেলার বাসিন্দা খোকন বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
‘ঝর্ণা বেগম পেশায় একজন শ্রমিক ছিলেন। এরই মধ্যে দুইটি বিয়ে হয় তার এবং দুটি ছেলে সন্তান রয়েছে তার।’
‘রাস্তায় কাজ করতে গিয়েই পরিচয় হয় খোকন বিশ্বাস নামে একজনের সাথে।
পরিচয় সূত্র ধরে খোকন বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর খোকন বিশ্বাসকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি।’
গত কয়েক মাস আগে খোকন বিশ্বাসের অন্যত্র কাজ করার জন্য চলে যান। মাঝেমধ্যে এসে থাকতেন আবার চলে যেতেন।
তবে মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে অবনতি হয়। এই নিয়ে খোকন মারধর করতেন ঝর্ণাকে।
এদিক, গত মঙ্গলবার থেকে ঝর্ণা নিখোঁজ হয়। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বাঁশ বাগান থেকে গন্ধ বের হলে লোকজন গিয়ে সেখানে ঝর্নার গলিত মরদেহ দেখতে পেয়ে শিবচর থানায় খবর দেয়।
পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে শফিকুল বলেন, ‘আমি ঢাকা থাকি। খোকন বিশ্বাস কয়েকদিন ধরে পলাতক। সে আমার মাকে মেরে পালিয়েছে। আমরা তার বিচার চাই।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন,
‘সকালে এলাকার লোকজন শিবচর থানায় খবর দিলে আমরা সেখানে যাই। মরদেহটি দুই তিনদিন আগের মনে হচ্ছে। এছাড়াও শরীর পচনের সৃষ্টি হয়েছে।’
‘মরদেহটি পোষ্টমর্টেমের জন্য মাদারীপুর পাঠানো হবে। মরদেহটি ফুলে যাওয়ার কারণে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।’
‘পোস্ট মর্টেমের পরে জানা যাবে। পাশাপাশি খোকন বিশ্বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা তারও খোঁজ নিচ্ছি।’
‘আমরা ঘটনার তদন্ত শুরু করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য বের করতে সক্ষম হব।’
