নিখোঁজ সেই ২ ভাইয়ের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটা থেকে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সেই দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

গত মঙ্গল ও বুধবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন— পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের রহিম বেপারির ছেলে ইউসুফ বেপারি ও তার চাচাতো ভাই মো. বায়েজিদ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বলেশ্বর নদীতে মাছ ধরতে যান ইউসুফ ও বায়েজিদ। বৃহস্পতিবার রাতে বায়েজিদ তার মা পারভিনকে ফোন করে জানান, তাদের ট্রলারটি ডুবে গেছে। এর পর থেকে তাদের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, নিখোঁজের ছয় দিন পর গত মঙ্গলবার বায়েজিদের অর্ধগলিত মরদেহ ও বুধবার ইউসুফেরও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে তাদের স্বজনরা।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, নিখোঁজের পর থেকেই তাদের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রক্ষা করে আসছে। এখনো এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card